নতুন বছরের শুরু থেকে বলিউডে চলছে একের পর এক বিবাহ বিচ্ছেদ। প্রায় প্রতিদিনই সম্পর্ক ভাঙছে তারকাদের। একদিকে যখন ফারহান আর অধুনা ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন তার কিছুদিন পরে আরভাজ এবং মালাইকা দম্পতির বিবাহ বিচ্ছেদের খবর বের হয়। এই রেশ কাটতে না কাটতেই খবর এলো সোহেল খান এবং সীমা খানের দাম্পত্যও বেশ টালমাটাল । এর পেছনের কারণ হিসেবে অভিনেত্রী হুমা কোরেশির নাম শোনা যাচ্ছে!
বলিপাড়ায় জল্পনা চলছে সোহেলের সঙ্গে হুমা কোরেশির গোপন সম্পর্ক নাকি আর মেনে নিতে পারছেন না সোহেলের স্ত্রী সীমা। আর সে কারণেই এ বার বিচ্ছেদের মতো চরম সিদ্ধান্ত নিয়ে সম্পর্ক শেষ করতে চাইছেন তিনি। আগামী কয়েক দিনের মধ্যেই তারা নাকি বিচ্ছেদের ঘোষণা করবেন!
হুমার সঙ্গে বলি অভিনেতা সোহেল খানের সম্পর্ক নিয়ে ভালই জল্পনা চালু রয়েছে বলিউডে। মুম্বইয়ের নানা জায়গায় তাদের একসঙ্গে নাকি কয়েকবার দেখাও গিয়েছে। সালমান খানের গত জন্মদিনের পার্টিতেও নাকি ঘনিষ্ঠ ছিলেন সোহেল আর হুমা! যদিও সে খবরকে অস্বীকার করে সীমা দাবি করেছিলেন, সালামানের জন্মদিনের পার্টিতে তারা সপরিবারে হাজির ছিলেন। সেখানে প্রায় ৫০০ অতিথির মধ্যে হুমা ছিলেন না। তাই সোহেল এবং হুমার ঘনিষ্ঠতার খবর একেবারেই মিথ্যে।
সীমা প্রকাশ্যে মুখ খোলার পর ওই সম্পর্ক নিয়ে টুইট করেছিলেন হুমাও। সেখানে মুম্বইয়ের এক সংবাদপত্রকে আক্রমণ করে নায়িকা লিখেছিলেন, সোহেল তার বড় ভাইয়ের মতো। কোনও তথ্য যাচাই না করেই যা খুশি লিখে দেয় মিডিয়া।
এখন অনেকে প্রশ্ন করছেন সে দিন হুমার সঙ্গে সোহেলের সম্পর্ক অস্বীকার করলেও আজ কেন তার কারণেই বিচ্ছেদ চাইছেন সীমা? প্রকাশ্যে এ নিয়ে এখনও কেউ মুখ না খুললেও খান ভাইদের সংসারে যে ভাঙন ধরেছে তা স্বীকার করছেন নাম প্রকাশে অনিচ্ছুক বলিউডের একটা বড় অংশ।
