সংসদে রেলওয়ে নিরাপত্তা বাহিনী বিল পাস

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৩৭
রেলওয়ে নিরাপত্তা বাহিনী অধ্যাদেশ রহিত করে সোমবার সংসদে রেলওয়ে নিরাপত্তা বাহিনী বিল-২০১৬ পাস হয়েছে। রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বিলটি পাসের প্রস্তাব করেন।
 
বিলে রেলওয়ে নিরাপত্তা বাহিনী গঠন এর সদস্য সংখ্যা, বাহিনীর সদস্যদের শ্রেণি ও পদমর্যাদা, সদস্য নিয়োগ, প্রশাসন, সদস্যের শাস্তি, সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, পরোয়ানা ব্যতিত তল্লাশি ও গ্রেফতারসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধান করা হয়েছে।
 
বিলে এ বাহিনী গঠন সম্পর্কে বলা হয়, রেলওয়ে নিরাপত্তা বাহিনী অধ্যাদেশের অধীন গঠিত রেলওয়ে নিরাপত্তা বাহিনী এমনভাবে বহাল থাকবে যেন এ আইনের অধীন গঠিত হয়েছে।
 
বাহিনীর কোন সদস্য অসদাচরণ, শৃঙ্খলাভঙ্গ, দুর্নীতিসহ অন্যান্য অপরাধ করলে এবং তা প্রমাণিত হলে বিলে তাকে বরখাস্ত, অপসারণ, বাধ্যতামূলক অবসরসহ বিভিন্ন ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে।
 
এছাড়া বিলে বাহিনীর সদস্যদের অস্ত্র ও গোলাবারুদ বহন, বাক-স্বাধীনতা, সংগঠন প্রতিষ্ঠা, রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ, দন্ড প্রদানসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিধান করা হয়।
 
জাতীয় পার্টির ফখরুল ইমাম, নুরুল ইসলাম ওমর, নুরুল ইসলাম মিলন, বেগম রওশন আরা মান্নান, সেলিম উদ্দিন, স্বতন্ত্র সদস্য হাজী মো. সেলিম ও আব্দুল মতিন বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে কন্ঠ ভোটে তা নাকচ হয়ে যায়।