পরিসর বাড়ায় অমর একুশে বইমেলার আয়োজন ‘কঠিন’ হয়ে পড়েছে বলে জানিয়েছেন বাংলা একাডেমির সভাপতি এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। এক্ষেত্রে প্রকাশক নির্বাচনে আরো বাছাইয়ের পক্ষে তার মত।
সোমবার বিকেলে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আনিসুজ্জামান বলেন, যেভাবে মেলার পরিসর বাড়ছে, তাতে বাংলা একাডেমির পক্ষে সেটা আয়োজন খুবই কঠিন হয়ে পড়েছে।
আমার প্রতি একাডেমি কোনো নির্বাহী দায়িত্ব নেই। তবে একাডেমির সঙ্গে সংশ্লিষ্ট একজন ব্যক্তি হিসাবে বলছি, আরো যাচাই-বাছাই করে প্রকাশকদের নির্বাচন করা দরকার। এটা আমার ব্যক্তিগত মত।
প্রতি বছরের মতো এবারো ১ ফেব্রুয়ারি সোমবার বিকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘অমর একুশে গ্রন্থমেলার’উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মাসব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনিসুজ্জামান।
অমর একুশে বইমেলা জাতীয় অনুষ্ঠানে পরিণত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, প্রতি বছরই বইমেলার পরিসর বাড়ছে। এবার সাড়ে চারশর বেশি প্রকাশক এই বইমেলায় অংশ নিচ্ছেন।
বাংলা একাডেমির এই পরিসরে বইমেলা আয়োজন কঠিন হয়ে পড়ায় গত বছর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হলো। এইবার সোহরাওয়ার্দী উদ্যানের পরিসরও বেড়েছে।
বইমেলা শুধু বেচাকেনার জায়গার মধ্যে সীমিত নেই মন্তব্য করে আনিসুজ্জামান বলেন, এখানে মহামিলন ঘটে। আমাদের পাঠাভ্যাস বৃদ্ধি করে। নতুন বই কেনা, বই দেখা ও লেখকদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ তৈরি হয়।
ফেব্রুয়ারির ২৯ তারিখ পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বইপ্রেমীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। ছুটির দিনগুলোতে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
