দেশজুড়ে পেট্রোলবোমা হামলা চলাকালে ফেনীতে বোমার আঘাতে চোখ হারানোয় এসএসসি পরীক্ষা দিতে না পারা আলোচিত সেই দুই কিশোর এবার পরীক্ষায় অংশ নিচ্ছে।
সোমবার ফেনী গার্লস স্কুল কেন্দ্রে বাংলা প্রথমপত্র পরীক্ষা দেয় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ওই হামলার শিকার মিনহাজ উদ্দিন অনিক ও শাহরিয়ার হৃদয়।
গত বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা থাকলেও ২০১৫ সালের ৫ জানুয়ারি আওয়ামী লীগের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের প্রথম বর্ষপূর্তির দিন ফেনীতে আওয়ামী লীগের সমাবেশের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তের ছোড়া বোমায় আহত হয়ে পরীক্ষায় বসতে পারেনি তারা। বোমায় অনিক ও হৃদয়ের ডান চোখ নষ্ট হয়ে যায়। পরে প্রধানমন্ত্রীর সহযোগিতায় ভারতে গিয়ে তিন দফায় চিকিৎসা নেয় এ দুই ছাত্র।
অনিক বলে, দুর্বৃত্তদের ছোড়া বোমার আঘাতে আমার চোখ নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন চিকিৎসা শেষে ডানপাশে একটি কৃত্রিম চোখ লাগানো হয়েছে। আমার কপালের হাড় ভেঙে গেছে। এখনও পুরোপুরি সুস্থ না।পরীক্ষা শেষে চিকিৎসার জন্য আবার ভারত যাব।
হৃদয় বলে, চোখ হারানোর আগে যেভাবে পড়ালেখা করতে পারতাম এখন আর সেভাবে পড়তে পারি না। পড়ার চেষ্টা করলে মাথা ব্যথা করে, চোখ দিয়ে পানি পড়ে।
ফেনীর এই দুই কিশোর ২০১৪ সালের জুন মাসে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত ৩৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিভাগীয় মেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছিল।
ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা বেগম বলেন, এই দুই মেধাবী শিক্ষার্থী শিক্ষা জীবন থেকে এক বছর পিছিয়ে পড়লেও এবারের এসএসসি পরীক্ষায় তারা ভালো ফলাফল করবে।
