ইরাকে মসুলের যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করায় ইসলামিক স্টেট (আইএস) প্রকাশ্যে তাদের ২০ জনের বেশি যোদ্ধার শিরশ্ছেদ করেছে বলে খবর প্রকাশ পেয়েছে।
সিরিয়া ভিত্তিক সংবাদ সংস্থা ‘এআরএ নিউজ’এর প্রতিবেদন উল্লেখ করে পিটিআই জানিয়েছে, মসুল শহরে সংঘর্ষের মধ্যে আইএসের ওই যোদ্ধারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। পরে তাদেরকে প্রকাশ্যেই হত্যা করা হয়।
আইএস এর এক কর্মকর্তার বরাত দিয়ে স্থানীয় এক সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় ওই যোদ্ধাদের মসুল সংলগ্ন একটি চেকপোস্টে আটক করা হয়। তারা পশ্চিম মসুলের যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছে এটা বোঝার পর আইএসের শরিয়া আদালতে বিচারের রায়ে তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হয়। মসুলের কেন্দ্রস্থলে কয়েকশ মানুষের সামনে এই যোদ্ধাদের শিরশ্ছেদ করা হয়। প্রতিবেদনে বলা হয়, শিরশ্ছেদের এ ঘটনা আইএসের সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। বিনা অনুমতিতে যুদ্ধক্ষেত্র ত্যাগ করা যোদ্ধাদের আইএস বিশ্বাসঘাতক ও খেলাফতের শত্রু বলে বিবেচনা করে।
