স্মার্টফোন বাজারে আধিপত্য বাড়াতে নিয়মিতই নতুন ডিভাইস আনছে বিভিন্ন প্রতিষ্ঠান। নিত্যনতুন ও সর্বাধুনিক সুযোগ-সুবিধার ডিভাইস উন্মোচনের দিক থেকে সবচেয়ে এগিয়ে চীন ও তাইওয়ানভিত্তিক ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানগুলো। স্মার্টফোন বাজারের শীর্ষ দুই প্রতিষ্ঠান স্যামসাং ও অ্যাপল বছরে হাতেগোনা কয়েকটি ডিভাইস আনলেও অন্য প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এ সংখ্যা ডজনেরও বেশি।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাজারের কথা বিবেচনা করে সম্প্রতি অনার ৫এক্স মডেলের একটি স্মার্টফোন মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আনতে যাচ্ছে হুয়াওয়ে। ৪ ফেব্রুয়ারি থেকে ডিভাইসটি কিনতে পারবেন মার্কিন ক্রেতারা। দেশটিতে এর দাম ধরা হয়েছে ১৯৯ মার্কিন ডলার। সূত্র- টেক টু ও অ্যান্ড্রয়েড পুলিশ।
বিকাশমান স্মার্টফোনের বাজারে ধাতব বডির এই ফোন তুলনামূলক স্বল্পমূল্যেই পাওয়া যাবে, মত বাজার বিশ্লেষকদের।
অনার ৪এক্স বাজারে সাড়া জাগানোয় নতুন এই ডিভাইস আনা হয়েছে। ৫.৫ ইঞ্চির এই ফোনের পেছনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার জুড়ে দেয়া হয়েছে।
ডিভাইসটির আইপিএস এলসিডি ডিসপ্লেতে রয়েছে ১০৮০পিক্সেল রেজ্যুলেশন। অক্টাকোর ১.৫ গিগাহার্জের কোয়ালকোম স্ন্যাপড্রাগন ৬১৫ ব্যবহৃত হয়েছে ফোনের চিপ হিসেবে।
২ জিবি র্যামের এই ফোনে ১৬জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা থাকবে, যা মাইক্রোএসডি কার্ড দিয়ে ১২৮জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ভিডিও করা ও ছবি তোলার জন্য স্মার্টফোনটিতে ডুয়াল এলইডি ফ্ল্যাশের ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় আবার এফ/২.০ অ্যাপারচার, ২৮এমএম ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ৫পি লেন্স এবং ব্লু গ্লাস আইআর ফিল্টার থাকবে। ডিভাইসটিতে ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য ৫ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেইসিং ক্যামেরা থাকবে। সেলফি ক্যামেরায় আরও থাকবে এফ/২.২ অ্যাপারচার, ২২এমএম ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ৪পি লেন্স এবং ব্লু গ্লাস ফিল্টার সুবিধা।
অনার ৫এক্সে ৩০০০এমএএইচ ব্যাটারি রয়েছে, যা দীর্ঘক্ষণ ব্যাকআপ সুবিধা দেবে। ডিভাইসটি ব্লুটুথ ৪.১, ইউএসবি ২.০, জিপিএস, এ-জিপিএস, ওয়াই-ফাই ৮০২, ফোরজি এলটিই সমর্থন করবে।
অপারেটিং সিস্টেম হিসেবে এতে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ রয়েছে। তবে এতে মার্শম্যালো আপগ্রেড করার সুবিধা রাখার ব্যাপারে চিন্তাভাবনা করছে সংশ্লিষ্টরা।
