প্রতিবছরের মতো এবারও নিউইয়র্কে হতে যাচ্ছে ঢালিউড অ্যাওয়ার্ড। আগামী ৩ এপ্রিল নিউইয়র্কের কুইন্সের ইয়র্ক কলেজ অডিটরিয়ামে বসবে ঢালিউড অ্যাওয়ার্ডের ১৫তম আসর। চলচ্চিত্র, সঙ্গীত ও টিভির কমপক্ষে ৪০ জন তারকা এই আসরে যোগ দেবেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ঢালিউড অ্যাওয়ার্ডের আয়োজক শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম এসব তথ্য জানান।
সাংবাদিক সম্মেলনে আলমগীর খান আলম জানান, বরাবরের মতো এবারও বাংলাদেশের চলচ্চিত্র, টিভি এবং সঙ্গীতের ৪০ জন তারকা শিল্পী অংশ নেবেন। চলচ্চিত্র থেকে এবার আসছেন শাকিব খান, অপু বিশ্বাস, অনন্ত জলিল, বর্ষা, পরীমনি, মাহিয়া মাহি ও জায়েদ খান। সঙ্গীত শিল্পীদের মধ্যে বাপ্পা মজুমদার,পার্থ মজুমদার, পড়শি, ইমরান, হৃদয় খান, শাহনাজ বেলী, শফি মন্ডল এবং চিরকুট ব্যান্ড যোগ দিচ্ছে। টিভি তারকাদের মধ্যে থাকবেন তিশা, বাধন, চঞ্চল চৌধুরী, তানজিলা তিশা, সুজানা, সজল, সাজু খাদেম ও নওশিন প্রমুখ।
সংবাদ সম্মেলনে আলমগীর খান আলম বলেন, ঢালিউড অ্যাওয়ার্ডে মোট ৩৫টি পুরস্কার দেয়া হয়। এর মধ্যে বাংলাদেশি শিল্পীদের ৩০টি এবং যুক্তরাষ্ট্র প্রবাসী শিল্পীদের পাঁচটি।
তিনি বলেন, এই আয়োজন প্রবাসী বাংলাদেশী এবং বাংলাদেশের সংস্কৃতির একটা সেতু রচনার অনুসঙ্গ হিসেবে কাজ করেছে। এ প্রজম্মের সন্তানেরা তাদের পিতৃপুরুষের কৃষ্টি এবং সাংস্কৃতিক ঐতিহ্য সমপর্কে একটা সুস্পষ্ট ধারণা পাচ্ছে। প্রবাসে এ ধরনের উদ্যেগের কারণে তারা বাংলাদেশকে মনে রেখেছে।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে সঙ্গীত শিল্পী শাহ মাহবুব, ফ্যাশন ডিজাইনার মাজেদ এবং স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০২ সালে প্রথম ঢালিউড অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়। এবারের আয়োজনের মিডিয়া পার্টনার এনটিভি ইউএসএ এবং এটিএন বাংলা ইউএসএ।
