এমপি পুত্র রনির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ২১:০৭
 
রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি এমপি পুত্র বখতিয়ার আলম রনির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ সামছুন নাহার এই আদেশ দেন।
 
এর আগে আদালতে রনিকে আদালতে হাজির করা হয়। শুনানি চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তার আইনজীবীরা সময়ের জন্য আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
 
রনির অসুস্থতা এবং ঢাকা বারের নির্বাচনী কাজে তার আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরুর ব্যস্ততার কারণ দেখিয়ে সময়ের আবেদন করে আসামিপক্ষ।
 
বখতিয়ার আলম রনি মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য পিনু খানের ছেলে।
 
গত বছর ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে গাড়ি থেকে ছোড়া এলোপাতাড়ি গুলিতে আহত হন রিকশাচালক হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান।
 
এই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রমনা থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন।
 
মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ৩১ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে বখতিয়ার আলম রনিকে আটক করে।
 
এর পর ২১ জুলাই রনিকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এসআই দীপক কুমার দাস।