বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, মুক্তিযুদ্ধ নিয়ে যত কথা হবে কিংবা এই বিষয়ে যত বির্তক হবে, ততই তো থলের বিড়াল বেরোতে থাকবে। সত্যের প্রতি সাংঘাতিক ভয়, আতঙ্ক আওয়ামী লীগের। এই কারণে তারা মামলা দিয়ে হুমকি দিয়ে মুখ বন্ধ রাখতে চাচ্ছে।
মঙ্গলবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে সব সময় একটা প্রশ্ন আছে। তারা একটা অনুশোচনায় ভোগেন। এটা আমার কথা নয়, ভারতের কুটনীতিক জে এন দীক্ষিত এর ‘বিয়ন্ড লিবারেশন’ বইতেও আমি পড়েছি।
রিজভী দাবি করেন, ১৯৭২-৭৫ সালে আওয়ামী লীগের শাসনামলে রক্ষীবাহিনীর হাতে জাসদের ৩০/৩৫ হাজার নেতাকর্মী মারা গেছে। এই অভিযোগ যদি সত্য হয় তাহলে ইনু তার দলের শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে হত্যাকারীদের সঙ্গে হাত মিলিয়েছেন শুধু ক্ষমতার জন্য।
তিনি বলেন, আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, খুব বেশিদিন নয়, অচিরেই গণতন্ত্র হত্যা, বিরোধী দল নিধন, বিচারবহির্ভূত হত্যার মূল ইন্ধনদাতা হিসেবে মানুষের আদালতে যাদের বিচার হবে তাদের মধ্যে এই ইনু ও খায়রুল হকরা ওয়েটিং লিস্টে নয়, ফাইনাল লিস্টেই থাকবেন।
সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, সানাউল্লাহ মিয়া, আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন ও তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
