যৌথ ঘোষণার বাস্তবায়ন অগ্রগতিতে সন্তুষ্ট ঢাকা-দিল্লি

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫৬
 
গত বছর জুনে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীদ্বয়ের যৌথ ঘোষণার বাস্তবায়ন অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে ঢাকা ও নয়াদিল্লি। সোমবার সন্ধ্যায় ভারতের নয়াদিল্লীর হায়দ্রাবাদ হাউসে পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব জয় শংকরের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ অভিমত ব্যক্ত করা হয়।
 
ভারতের পররাষ্ট্র সচিবের আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্র সচিব দু'দিনের দ্বিপক্ষীয় সফরে নয়াদিল্লীতে অবস্থান করছেন বলে আজ এখানে প্রাপ্ত এক বার্তায় একথা জানা যায়।
 
বৈঠকে শান্তি ও নিরাপত্তা, পানি সম্পদ ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও জ্বালানী খাতে সহযোগিতা, ব্যবসায়-বাণিজ্য-বিনিয়োগ, উন্নয়ন ও উপ-আঞ্চলিক সহযোগিতা, যোগাযোগ, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা এবং দু’দেশের মানুষের মধ্যে যোগাযোগসহ দ্বিপক্ষীয় সম্পর্কের সকল বিষয় নিয়ে আলোচনা হয়। এতে এ পর্যন্ত বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রীর যৌথ ঘোষণার বাস্তবায়ন অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়।
 
পররাষ্ট্র সচিব শহীদুল হক বৈঠকে চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশের সভাপতিত্বে ঢাকায় অনুষ্ঠিতব্য অভিবাসন ও উন্নয়ন শীর্ষক ৯ম গ্লোবাল ফোরামের বৈঠক সম্পর্কে ভারতের পররাষ্ট্র সচিবকে অবহিত করেন।
 
পররাষ্ট্র সচিব আজ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্ট অজিত দোভাল ও পানি সম্পদ মন্ত্রণালয়ে বিশেষ সচিব ড. অমরজিত সিংহয়ের সঙ্গে বৈঠক করবেন বলে বার্তায় উল্লেখ করা হয়। বাসস।