‘প্রমাণ হলো’ বিচ্ছিন্নতাবাদকে বিগত সরকার আশ্রয়-প্রশ্রয় দিত: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫৯
 
বিগত সরকার যে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় দিত, শেরপুরে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ গোলাবারুদ তার আরেকটি ‘প্রমাণ’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘আমি কাউকে দোষারোপ করব না। ভারতে বিচ্ছিন্নতাবাদী যারা ছিল, বিগত সরকার তাদের আশ্রয়-প্রশ্রয় দিত। সেগুলোর একটা চিহ্ন এটি।’
 
তিনি বলেন, ‘শুধু শেরপুর নয়, আগে সিলেট অঞ্চল থেকেও প্রচুর গোলাবারুদ উদ্ধার করেছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী।’
 
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট ও যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেইক স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের একথা বলেন।
 
সোমবার শেরপুরের নালিতাবাড়িতে মেঘালয় সীমান্তের কাছে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে র্যাব ভারী অস্ত্রসহ ৪৮ হাজারের বেশি গুলি উদ্ধার করার কথা পুলিশ জানিয়েছে। এর আগে ২০১৪ সালের শেষ দিকে হবিগঞ্জের চুনারুঘাটে কয়েক দফা অস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়।
 

তবে বর্তমান সরকার বিছিন্নবাদীদের প্রশ্রয় দেয় না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার তাদের ধরে  সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে দেয়।’