শাহবাগে আন্ডারপাস নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২২
 
একনেকের সভায় শাহবাগে দু'টি আন্ডারপাস (পাতালপথ) নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে পথচারীদের রাস্তা পারাপারের দুর্ভোগ লাঘবে এই নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।
 
মঙ্গলবার ( ফেব্রুয়ারি ০২) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক ( জাতীয় অর্থনৈতিক পরিষদ) বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন মন্ত্রিপরিষদের সদস্য ও শীর্ষ সরকারি কর্মকর্তারা।
 
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, শাহবাগে দু’টি আন্ডারপাস নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর একটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে বারডেমের দিকে এবং অপরটি বিএসএমএমইউ থেকে জাতীয় জাদুঘরের দিকে নির্মিত হবে।