আমি বিষ্মিত সাবিনা আপার বিনয়ে : সুজন আরিফ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৩৫
 
কণ্ঠশিল্পী হিসেবেই পরিচিত সুজন আরিফ। তবে এর ফাঁকে ফাঁকে সঙ্গীত পরিচালক হিসেবে গান বাঁধার চর্চাটাও করে যাচ্ছেন নিয়মিত। অবশ্যই নিজের কাজের পাশাপাশি সুজন আরিফ ইন্ডাষ্ট্রিতে পরিচিত জিঙ্গেল দুনিয়ায়। বলা যায় এখন আরিফ নিজেও গুনে শেষ করতে পারবেন না ঠিক কতটা জিঙ্গেলে তিনি কাজ করেছেন।
 
এদিকে আজকের দিনটি তিনি চিরস্মরনীয় হিসেবেই তুলে রাখবেন একটি বিশেষ কারনে।  আজ আরিফের সুরে প্রথমবারের মতো কোনো ফিল্মের প্লে-ব্যাকে গাইলেন বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন।
এ প্রসঙ্গে আরিফ বলেন, ‘আমি বিষ্মিত সাবিনা আপার বিনয়ে। সত্যিকারের বড় শিল্পীদের কাছে যে অনেককিছু শেখার আছে, তা তার কাছে এসেই বুঝলাম। আমার গানটি তিনি মনোযোগ দিয়ে শুনলেন প্রথমে। এরপর কিভাবে গাইবো, বা কোন ধরনের ভয়েস ডেলিভারি চাইছি-তা জানতে চাইলেন। আমি সত্যিই খুবই কৃতজ্ঞ আমাদের দেশের এই কণ্ঠসম্পদ সাবিনা আপার প্রতি।’
 
উল্লেখ্য, ‘পুত্র’ নামের একটি চলচ্চিত্রের জন্য এই গানটি লিখেছেন চলচ্চিত্রটির পরিচালক সাইফুল ইসলাম মান্নু ও সঙ্গীত পরিচালনা করেছেন সোহেল আজিজ ও আজম বাবু।
 
আরিফের সুরে এই গানটি প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘তরুনরা অনেকেই এ সময়ের ভালো সুর করছে। তার ভেতরে সুজন আরিফের চেষ্টাকে আমি সাধুবাদ জানাই। আর আমি স্বাভাবিক ভাবেই আমার সুরকারের কাছ থেকে আগে তার চাওয়াটা বুঝে নিই। আরিফও আমার জন্য দারুন একটি সুর করেছে। ওর জন্য শুভকামনা।’