জিকার ঝুঁকিতে এশিয়া ও আফ্রিকা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৪৩
লাতিন আমেরিকায় মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর এশিয়া ও আফ্রিকাও এই রোগের ঝুঁকিতে রয়েছে বেলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার এজন্য বিশ্বজুড়ে সতর্কতা জারি করেছে তারা।
 
সংস্থাটি বলছে, মশাবাহিত এই রোগটির সম্ভাব্য আন্তর্জাতিক প্রাদুর্ভাব প্রতিরোধে এখনি ব্যবস্থা নেয়া জরুরি। সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যান বলেন, পরিস্থিতি আরো সংকটময় হয়ে ওঠার আগেই সমন্বিত কর্মপ্রক্রিয়া জরুরি হয়ে পড়েছে। সমন্বিতভাবে আগে ভাগে সতর্ক হলে ঝুঁকি কমানো সহজ হবে বলেছেন চ্যান।
 
তিনি আরও বলেন, আমরা জানি যে মশার মাধ্যমেই এই রোগ ছড়ায়। এজন্য আফ্রিকা, এশিয়ার কিছু অংশ বিশেষ করে দক্ষিণ এশিয়া জিকার ঝুঁকিতে রয়েছে।
 
জিকা ভাইরাসের প্রকোপ লাতিন আমেরিকা থেকে খুব দ্রুতই আরো বহু দূর পর্যন্ত পৌঁছে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
 
জিকা ভাইরাস থেকে সৃষ্ট মাইক্রোসেফালি রোগে আক্রান্ত হয়ে গত চার মাসে শুধু ব্রাজিলেই চার হাজারের বেশি শিশুর জন্ম হয়েছে। যাদের মস্তিষ্ক স্বাভাবিকের চেয়ে ছোট আকারের।