২০১১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট বাধা ছিল আমাদের একটি ভুল সিদ্ধান্ত। মঙ্গলবার দিল্লিতে তুঘলক লেনে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতাদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন। খবর এনডিটিভির।
বিধানসভা ভোটের আগে দলের কৌশল নির্ধারণের জন্য প্রদেশ নেতাদের মতামত জানতে তাদের দিল্লিতে বৈঠকে ডেকেছিলেন রাহুল। রাহুলের সঙ্গে বৈঠকের পরে বাম জোট সিপিএম’র ব্যাপারে খুবই উত্সাহিত প্রদেশ কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ অংশ। তারা আসন্ন বিধানসভা নির্বাচনে বামেদের হাত ধরতে চেয়েছিলেন। তবে সেই বৈঠকে নেতাদের চমকে দিয়ে ‘অজানা কথা’ ফাঁস করে দিয়ে রীতিমতো হৈচৈ ফেললেন রাহুল। তিনি জানান, কয়েক মাস আগে পাটনায় নীতীশ কুমারের শপথগ্রহণ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ডেকে একটা উপদেশ দিতে চেয়েছিলেন। ‘মমতাজি’র মন্তব্য ছিল, আর যা-ই হোক কংগ্রেস যেন সিপিএমের সঙ্গে জোট না করে! এ নিয়ে কংগ্রেসের এক নেতা বলেন, ‘‘তার মানে রাহুল আর যা-ই হোক, তৃণমূলের সঙ্গে জোট করতে চান না! তা না হলে মমতার ঐ মন্তব্যের কথা আমাদের বলে দিতেন না!’’
এদিকে রাজ্য নেতাদের মতামত শোনার পর রাহুল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অতীতে কংগ্রেস যে ভুল করেছে, তার পুনরাবৃত্তি করতে তিনি নারাজ। এদিকে এ খবর জানাজানির পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। দলের মুখ্য জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন পাল্টা দাবি করেছেন, তাঁদের দলনেত্রীকে জড়িয়ে এই কাহিনি পুরোপুরি মিথ্যা! এমন গল্প প্রচার করা হলে তাঁরা কড়া প্রতিবাদ জানাতে বাধ্য হবেন। ওদিকে রাহুলের সঙ্গে প্রদেশ কংগ্রেস নেতাদের বৈঠকের প্রাথমিকভাবে ‘ইতিবাচক’ বলেই মনে করছে সিপিএম। তবে সোনিয়া গান্ধীর চূড়ান্ত সিদ্ধান্ত না জেনে এখনই কোন প্রতিক্রিয়া জানাতে নারাজ তারা।
