গত এক দশকে প্রতিষ্ঠান প্রধান নারীদের সংখ্যা পাঁচগুণ বেড়েছে বলে সংসদকে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তরকালে সংরক্ষিত আসনের সদস্য জাহান আরা বেগম সুরমানের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, প্রতিষ্ঠান প্রধান হিসেবে নারীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২০১৩ সালের হিসেবে মোট প্রতিষ্ঠানের মধ্যে নারী প্রধান প্রতিষ্ঠানের সংখ্যা ৫ লাখ ৬৩ হাজার ৩৬৮। যা ২০০১ ও ২০০৩ সালে ছিল ১ লাখ ৩ হাজার ৮৫৮টি। সামগ্রিক কর্মসংস্থানে নারীদের অংশগ্রহণ ব্যাপক বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
মুস্তফা কামাল জানান, ২০০১ ও ২০০৩ সালে মোট নারীকর্মীর সংখ্যা যেখানে ছিল মাত্র ১২ লাখ ২৯ হাজার ৪১৩ জন, সেখানে ২০১৩ সালে তা বেড়ে হয়েছে ৪০ লাখ ৫১ হাজার ৭১৮জন। সুতরাং গত দশকে নারীকর্মীর সংখ্যা প্রায় তিনগুণ বেশি হয়েছে।
