টাঙ্গাইলে শেখ হাসিনার নামে মেডিক্যাল কলেজ হবে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ২২:২৭
টাঙ্গাইলে নতুন মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, এই মেডিকেল কলেজের নামকরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেই হবে। খুব দ্রুত টাঙ্গাইলে এ মেডিকেল কলেজ হাসপাতালের একাডেমিক ভবন, হোস্টেলের নির্মাণ কাজ শুরু হবে।
 
মঙ্গলবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে টাঙ্গাইল সদর আসন থেকে নির্বাচিত সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ ছানোয়ার হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি দেয়ার পরও কেন মেডিকেলল কলেজটি নির্মাণ হচ্ছে না তা জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী জবাবে এ ঘোষণা দেন।
 
স্বাস্থ্যমন্ত্রী  বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বাস্থ্যখাতে যে যুগান্তকারী সাফল্য অর্জন করেছে তা আজ সর্বজনবিদিত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত। মাত্র এক বছরে আমরা ১১টি নতুন মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ করেছি। এর মধ্যে ৬টি সরকারি এবং ৫টি আর্ম ফোর্সেসের মাধ্যমে পরিচালিত হচ্ছে। কিছুদিন আগে টাঙ্গাইলের লক্ষাধিক মানুষের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে একটি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। যা একনেকে অনুমোদন পেয়েছে। খুব দ্রুতই হাসপাতালটি নির্মাণ করা হবে এবং তা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নামেই হবে।