চট্টগ্রামে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোহাম্মদ লিটন (৩৫) নামের মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে হালিশহর থানা এলাকার গাউছিয়া হোটেলের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটনের বাড়ি কিশোরগঞ্জে। হালিশহর পূর্ব সুন্দরী পাড়ায় তিনি বসবাস করতেন।
স্থানীয়রা জানায়, লিটন তার স্ত্রী হালিমাকে নিয়ে মোটরসাইকেলে করে হালিশহর এ-ব্লক এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় বালুবাহী একটি ট্রাক পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে লিটন ও তার স্ত্রী মাটিতে ছিটকে পড়ে। এ সময় ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা যান লিটন। আহত হন হালিমা বেগম।
হালিশহর থানার সেকেন্ড অফিসার মিজানুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে।
