বৈশ্বিক বাজারে উন্নত কনফিগারেশনের ডিভাইস সরবরাহের মধ্য দিয়ে জমজমাট ব্যবসা করছে চীন ও তাইওয়ানের স্মার্টফোন ও ট্যাব নির্মাতারা। এ প্রতিষ্ঠানগুলোর মধ্যে লেনোভো অন্যতম একটি। ট্যাবের বাজারে আধিপত্য বাড়াতে অত্যাধুনিক ফিচারের স্মার্টফোন ও ট্যাবকে হাতিয়ার হিসেবে বিবেচনা করছে সংশ্লিষ্টরা। এ নীতিতে ব্যবসা সম্প্রসারণের সুফলও পেয়েছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় নতুন এক ট্যাব এনেছে লেনোভো। ‘ইয়োগা ট্যাব-৩ প্রো’ নামের এই ট্যাব টেলিভিশনের বিকল্প হিসেবেও ব্যবহার করা যাবে।
প্রযুক্তিবিশ্বে চলছে পালাবদল। নতুন প্রযুক্তিপণ্য পুরনোকে হটিয়ে দিচ্ছে। বর্তমানে টিভি দেখেন খুব কম সংখ্যক মানুষ। টিভির প্রতি মানুষের এই অনীহাই নির্মাতাদের আরো আগ্রহী করে তুলেছে নতুন নতুন ডিজাইনের ট্যাব তৈরিতে। কারণ, টিভির দর্শক এখন নেটফ্লিক্স বা ইউটিউবের মতো ভিডিও স্ট্রিমিং সাইটেই বেশি সময় কাটান।
আর সে কারণেই টিভির বিকল্প হিসেবে ইয়োগা ট্যাব-৩ প্রো এনেছে লেনোভো।
১০ ইঞ্চি স্ক্রিনের এই ট্যাবলেট থাকলে কেউ আর টিভির প্রয়োজন বোধ করবে না। কারণ, এই ট্যাবে রয়েছে ৫০-লুমেন প্রজেক্টর। ৭০ ইঞ্চি পর্দা বা দেয়ালে এটি ছবি দেখাতে পারবে! এই ট্যাব চলবে অ্যান্ড্রয়েড ৫ দশমিক ১ অপারেটিং সিস্টেমে।
লেনোভো ইয়োগা-৩ প্রো ট্যাবলেটটিতে রয়েছে ১০ ইঞ্চি কিউএইচডি আইপিএস ডিসপ্লে। এতে রয়েছে ৩২ জিবির ইন্টারনাল স্টোরেজ। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে তা বাড়িয়ে নেওয়া যাবে ১২৮ জিবি পর্যন্ত।
ট্যাবটিতে রয়েছে ২ জিবি র্যাম। এর মূলশক্তি এর শক্তিশালী ব্যাটারি। ১০ হাজার ২০০ এমএএইচ-এর ব্যাটারি একে বাজারের আর সব ট্যাবলেট থেকে এগিয়ে রাখবে।
লেনোভো ইয়োগা-৩ প্রো ট্যাবলেটের দাম শুরু হয়েছে ৪৭৫ মার্কিন ডলার দিয়ে।
