বাড়তি ফি ৭ দিনের মধ্যে ফেরত না দিলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১২:২৯
 
যেসব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে বেতন ও ফি হিসেবে এবং এসএসসির ফরম পূরণের বাড়তি টাকা আদায় করেছে তাদের সাতদিনের মধ্যে ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই নির্দেশ দেন।
 
নুরুল ইসলাম নাহিদ বলেন, বাাড়তি টাকা শিক্ষার্থীদের ফেরত দিয়ে শিক্ষা বোর্ডকে তা অবহিত করতে হবে। সাত দিনের মধ্যে টাকা ফেরত না দিলে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
 
তিনি বলেন, কারা কারা টাকা নিয়েছে তাদের তালিকা আমাদের কাছে আছে। তাদেরকে সাতদিনের মধ্যে বাড়তি টাকা আদায় ফেরত দিতে হবে। যারা না দেবে তাদের তালিকা আমরা পাব। পরে তাদের ঐসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
 
শিক্ষার্থীদের বেতন বৃদ্ধি করা হলে প্রতিবাদে রাস্তায় নামেন অভিভাবকরা।
 
গত ১৭ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় বর্ধিত বেতন ও ফি আদায় না করার নির্দেশ দেয়।
 
এর আগে গতবছর ১ ডিসেম্বর হাইকোর্টের এক আদেশে এসএসসির ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির চেয়ে বেশি অর্থ আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়।