রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকাজ দ্রুত শেষ করার তাগিদ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৩২
 
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় কমিটির চতুর্থ বৈঠকে এই নির্দেশ দেন তিনি।
 
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্রের কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং প্রধানমন্ত্রী বিভিন্ন নির্দেশনা দেন। অর্পিত দায়িত্ব যথাযথ ও দ্রুততার সঙ্গে শেষ করলে নির্ধারিত সময়ের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
 
মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সিরাজুল হক খান বৈঠকে পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রকল্পের অগ্রগতির তথ্য উপস্থাপন করেন।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বুধবার চতুর্থ বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এসএ সামাদ সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।