‘বিএনপি নেতারা বক্তব্যের মাধ্যমে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চাইছেন’

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩৩
 
আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাবেক পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ অভিযোগ করে বলেছেন, বিএনপি নেতারা তাদের বক্তব্যের মাধ্যমে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চাইছেন। কারণ তারা মন থেকেই আমাদের স্বাধীনতা ও স্বাধীকারের সংগ্রামকে স্বীকার করতে কুণ্ঠাবোধ করেন।
 
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘আমরা ঢাকাবাসী’ আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
হাছান মাহমুদ বলেন, যারা এ ইতিহাস নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চাইছে তাদের বিরুদ্ধে অবিলম্বে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ গঠন করার জন্য সরকারের প্রতি অনুরোধ রইলো।
 

বিএনপির মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার জবাবে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। আওয়ামী লীগ দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দিয়েছে। আসলে বিএনপির নেতারা এ সকল কারণে হতাশ। বিএনপির অনেক নেতাই মুক্তিযুদ্ধে পাকিস্তানীদের পক্ষে অবস্থান নিয়েছিল। তাই তারা এ ধরনের বক্তব্য রাখছে।