ঢাবিতে লাশ ফেলার চক্রান্ত হচ্ছে : আরেফিন সিদ্দিক

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা চলছে। একটি বিশেষ রাজনৈতিক মহল ঢাবির মত দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে লাশ ফেলার চক্রান্ত করছে। ঢাবির কিছু সংখ্যক সাবেক ছাত্রনেতার বক্তব্যে তা উঠে এসেছে। যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
 
তিনি বুধবার সকালে পঞ্চগড় সার্কিট হাউজে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
 
তিনি বলেন,  আমাদের দেশে বিশ্ববিদ্যালয়কে অচল করা, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম যেন চলতে না পারে সেজন্য ষড়যন্ত্র করা হয়।
 
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে পঞ্চগড়ের পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন রেজা, এনডিসি বিকাশ বিশ্বাস, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল, সাংবাদিক শহীদুল ইসলাম শহীদসহ জেলার বিভিন্ন প্র্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।