অর্থকরী ফসল উৎপাদনের দিকে ঝুঁকবে বাংলাদেশ : কৃষিমন্ত্রী

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:১৪
 
খাদ্য উৎপাদনে স্বংয়সম্পূর্ণতা অর্জনের পর বাংলাদেশ এবার কৃষকের ভাগ্য ফেরাতে অর্থকরী ফসল উৎপাদনের দিকে ঝুঁকবে বলে জানালেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। আজ বুধবার বিকেলে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘কৃষি অর্থনীতি ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 
তিনি বলেন, খাদ্য উৎপাদনের ধারাবাহিকতা বাড়াতে বায়োটেক এবং জিনগতভাবে পরিবর্তিত 'জিএম' শস্য উৎপাদনে জোর দেয়া হবে।
 
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিস-উদ-দৌলা, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
 
বেগম মতিয়া চৌধুরী বলেন, জিএম খাদ্য শস্যে কোন ধরনের ক্ষতিকর উপাদান পাবার প্রমাণ পাওয়া যায়নি। তাই অধিক জনবসতির এই দেশে অযথা জিএম শস্য নিয়ে বির্তক করে বসে থাকলে হবে না।
 
তিনি বলেন, বিদ্যুতের উৎপাদন আরেকটু বাড়লে কৃষকের উৎপাদিত পণ্য যথাযথভাবে সংরক্ষণ করার ব্যবস্থা নিশ্চিত করা হবে। বাসস।