টিআর-কাবিখায় চাল-গম চান না এমপিরা, নগদ টাকা চান

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ০০:০৩

স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য সরকার থেকে স্থানীয় এমপিদের মাধ্যমে চাল-গম বরাদ্দ (টিআর ও কাবিখা কর্মসূচি) দিয়ে থাকে। কিন্তু সংসদে কিছু এমপি স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য চাল-গমের বিনিময়ে নগদ অর্থ চান।

বুধবার সংসদ অধিবেশনে সরকারি দলের হুইপ আতিউর রহমান আতিকসহ কয়েকজন সংসদ সদস্য এই দাবি তোলেন। তাদের প্রস্তাবের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া তাদের “পদক্ষেপ নেওয়া হচ্ছে” বলে আশ্বস্ত করেন।
টিআর ও কাবিখা কর্মসূচিতে নগদ টাকা দেওয়ার জন্য অর্থমন্ত্রী, কৃষিমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা জানিয়ে মায়া বলেন, “আমরা অর্থমন্ত্রীকে বোঝাতে সক্ষম হয়েছি। এ বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছি। আশা করি, প্রধানমন্ত্রী বিবেচনা করে এটা বাস্তবায়ন করবেন।”
উল্লেখ্য, টেস্ট রিলিফ (টিআর) এবং কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির মাধ্যমে স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়। এতে কাজের মজুরি হিসেবে চাল ও গম দেওয়া হয়। “কাবিখা” কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি ও গরিব মানুষের আয় বাড়ানো, দেশের সব এলাকায় খাদ্য সরবরাহের ভারসাম্য এনে দারিদ্র্য বিমোচনে ইতিবাচক প্রভাব সৃষ্টি। বিশেষ করে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত কাঠামো মেরামতের জন্য চালানো হয়ে থাকে টিআর ও কাবিখা কর্মসূচী।
টিআর কর্মসূচির অধীনে রাষ্ট্রের লক্ষ্য হলো, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান মেরামতের মাধ্যমে দুর্বল ও দরিদ্র জনগণের কর্মসংস্থান সৃষ্টি। সেই সঙ্গে জনগণের খাদ্য নিরাপত্তা বিধানে সহায়তা করা । যা পরিচালিত হয়, উপজেলা চেয়ারম্যান, পৌর চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে। কিন্তু তারা বরাবর অভিযোগ করে আসছেন যে, এ কর্মকাণ্ডে সংসদ সদস্যরা ভাগ বসান।