নিজস্ব পণ্য থেকেই ফ্ল্যাশ বাদ দিচ্ছে অ্যাডোবি

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:৫৫
ফেসবুক, ফায়ারফক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পর এবার নিজস্ব পণ্য থেকেই ফ্ল্যাশ বাদ দিচ্ছে অ্যাডোবি। অ্যাডোবি কানেক্টের পরবর্তী সংস্করণে অ্যাডোবি ফ্ল্যাশ ছাড়াই চলবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
 
বুধবার অ্যাডোবির নিজস্ব ব্লগে কোম্পানির সিনিয়র অ্যানাবেলমেন্ট ম্যানেজার আলিস্টেয়ার লি জানান, আমরা গতবছর থেকেই অ্যাডোবি কানেক্টে এইচটিএমএল৫ কনটেন্টে সমর্থন, ব্যবহারকারীদের নিজস্ব রেকর্ডকৃত ভিডিও এমপি৪ ফরম্যাটে সংরক্ষণসহ বিভিন্ন সুবিধা আনার ঘোষনা দিয়েছিলাম। সেটি বাস্তবায়িত হয়েছে।
 
তিনি জানান, অ্যাডোবি কানেক্টের ৯.৫.২ সংস্করণ ব্যবহারে ব্যবহারকারীদের অ্যাডোবি ফ্ল্যাশ ইনস্টলের প্রয়োজন নেই, যা আগে দরকার হতো। ফলে ব্যবহারকারীরা ফ্ল্যাশ প্লাগইন ছাড়াই তাদের ব্রাউজারে অ্যাডোবি কানেক্ট মিটিং, ভার্চুয়াল ক্লাস রুম অথবা ওয়েবিনারে অংশ নিতে পারবেন।
 
এর আগে ফেসবুক, মজিলা ফায়ারফক্স ব্রাউজার তাদের সেবা থেকে অ্যাডোবি ফ্ল্যাশকে বাদ দেয়। মূলত এসব সেবায় এইচটিএমএল৫ ইন্ট্রিগেশন হওয়ার আলাদাভাবে ফ্ল্যাশ প্লেয়ার ইনস্টলের প্রয়োজন নেই। তবে এবারই প্রথম অ্যাডোবি তাদের নিজস্ব পণ্য থেকে ফ্ল্যাশকে বিদায় জানালো।