শিগগিরই সাক্ষরতার হার শতভাগ হবে: আশাবাদ প্রধানমন্ত্রীর

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৩৯
 
বাংলাদেশের সাক্ষরতার হার শিগগিরই শতভাগ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
 
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের লক্ষ্য সবাইকে অক্ষরজ্ঞান সম্পন্ন করা। কেউ নিরক্ষর থাকবে না। আমরা ৯৬-তে যখন সরকার গঠন করি তখন সাক্ষরতার হার বৃদ্ধিতে নানা পদক্ষেপ নেই। ঐ সময় সাক্ষরতার হার ৪৫ ভাগ থেকে ৬৫.৫ ভাগে উন্নীত করি। ২০০৯ সালে ক্ষমতায় এসে আমরা দেখি বিএনপি-জামায়াত ও তত্ত্বাবধায়ক সরকারের বদৌলতে সাক্ষরতার হার কমে গেছে। এখন সাক্ষরতার হার ৭১ ভাগে উন্নীত হয়েছে। আশা করছি, শিগগিরই এই হার শতভাগ হবে।
 
তিনি বলেন, আমাদের সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই। শিক্ষা জাতির অধিকার। এই অধিকার নিশ্চিতে আমরা নানা ধরনের পদক্ষেপ নিয়েছি।
 
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি শিশু যেন স্কুলে যেতে পারে সেজন্য আমরা নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। শিশুদের মেধা বিকাশে আমরা পঞ্চম শ্রেণিতে সার্টিফিকেট পরীক্ষার ব্যবস্থা করেছি। তাদের হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছি।
 
তিনি বলেন, মাধ্যমিক পর্যন্ত আমরা কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করেছি। ধীরে ধীরে এটি প্রাথমিক পর্যায়ে আমরা বাধ্যতামূলক করব।