জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদকে আসামি পক্ষের জেরা আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন আদালত।
বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে আদালতের কার্যক্রম শুরু হয়। প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার ৩২তম ও শেষ সাক্ষী তদন্তকারী কর্মকর্তা হারুন অর রশিদকে খালেদা জিয়ার পক্ষে চতুর্থ কার্যদিবসে জেরা শেষ করেন আব্দুর রেজ্জাক খান। এরপর আসামি মনিরুল ইসলাম খানের পক্ষে তাকে জেরা শুরু করেছেন আমিনুল ইসলাম। আগামী ধার্য তারিখে অসমাপ্ত জেরাসহ অন্য আসামিদের পক্ষে জেরা করবেন আসামিপক্ষ।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দু’টির বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।
দুই মামলায়ই খালেদা জিয়ার পক্ষে অনুপস্থিতির জন্য আবেদন জানান তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। আদালত খালেদার অনুপস্থিতির আবেদন মঞ্জুর করে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণের আদেশ দেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ৩২ জন সাক্ষী। অন্য ৩১ জনকে আসামিপক্ষের জেরা শেষ হয়েছে।
