বঙ্গবন্ধু সেতু সংলগ্ন ইকোপার্কে আগুন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:২৭
 
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম টোলপ্লাজার কাছে অবস্থিত ইকোপার্কের ভিতরে আগুন লেগেছে। আগুন দ্রুত চর্তুদিকে ছড়িয়ে যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় ইকোপার্কে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে সেতু কর্তৃপক্ষ, পুলিশ ও টাঙ্গাইল এবং সিরাজগঞ্জের ফায়ার সার্ভিস কাজ করছে।
 
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জানান, দুপুর পৌনে দুইটার দিকে ইকোপার্কের সোন গাছে আগুন লাগে। পরে আগুন দ্রুত পার্কে ছড়িয়ে যায়। আগুন নিয়ন্ত্রনের জন্য সেতু কর্তৃপক্ষ, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের জন্য সময় লাগবে। কিভাবে আগুনের সুত্রপাত তা বলা যাচ্ছে না।
 
মাস দেড়েক আগেও সেতু পশ্চিম ইকোপার্কে আগুন লেগে গাছপালা পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় ফায়ার সার্ভিসের টাঙ্গাইলের দুইটি ইউনিট ও সিরাজগঞ্জের তিনটি ইউনিট প্রায় ৩ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন।