মার্কিন যুক্তরাষ্ট্রকে হটিয়ে স্মার্টফোনের দ্বিতীয় বৃহত্তম বাজার দখল করে নিয়েছে ভারত। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট। সংস্থাটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ২০১৫ সাল শেষে ভারতের স্মার্টফোন ব্যবহারকারীর পরিমাণ দাঁড়িয়েছে ২২ কোটিতে। অর্থাত্ সব মিলিয়ে বিশ্বের মোট স্মার্টফোন বাজারের ২৩.৩ শতাংশই দখল করে আছে ভারত।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৫ সালের চতুর্থ প্রান্তিকে এর আগের বছরের একই সময়ের তুলনায় স্মার্টফোন সরবরাহের পরিমাণ বেড়েছে ১৫ শতাংশ। আর পুরো বছরে সব মিলিয়ে স্মার্টফোন শিপমেন্টের পরিমাণ ছিল ১০ কোটি যা আগের বছরের তুলনায় ২৩ শতাংশ। গত বছর ভারতে যে পরিমাণ মোবাইল ফোন বিক্রি হয়েছে, তার প্রায় অর্ধেকই ছিল ভারতের তৈরি। এর পাশাপাশি মোট বিক্রিত ফোনের মধ্যে প্রায় ৪০ শতাংশ ছিল স্মার্টফোন। ইন্টারনেটের মাধ্যমে ফোন বিক্রিতে ২০১৫ সালে বিপ্লব ঘটেছিল বলা যায়। কারণ প্রতি তিনটি স্মার্টফোনের একটিই বিক্রি হয়েছিল অনলাইন স্টোরের মাধ্যমে।
মোবাইল ফোন বিক্রির দিক থেকে দেশটিতে শীর্ষে আছে স্যামসাং। ফিচার ফোন কিংবা স্মার্টফোন, দুটিতেই শীর্ষে এই প্রতিষ্ঠানটি। দ্বিতীয় অবস্থানে আছে দেশটির অন্যতম মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স। প্রথম পাঁচের বাকি তিনটি স্থান দখল করে আছে ইনটেক্স, লাভা এবং লেনোভো।
