‘বৃক্ষ মানবের’ চিকিৎসার ব্যয় বহন করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪২
 
হাতে পায়ে গাছের মতো শেকড় গজানো বিরল রোগে আক্রান্ত বৃক্ষ মানব (ট্রি-ম্যান) আবুল হোসেন বাজদারের চিকিৎসা এবং থাকা, খাওয়াসহ সমস্ত ব্যায় ভার বহন করবে সরকার। বৃহষ্পতিবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা জানান। 
 
এর আগে মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে ভর্তি আবুল হোসেনকে (২৭) দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময়ে মন্ত্রী তার পরিবারের সদস্য ও চিকিত্সকদের সাথে কথা বলেন। আবুল হোসেন বার্ন ইউনিটের ৫০৫ নম্বর কেবিনে ভর্তি আছেন।
 
মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশের ইতিহাসে এটি একটি বিরল রোগ। এ বিরল রোগে আক্রান্ত রোগীকে দেখতে ও চিকিত্সার খোঁজ নিতে এসেছি। ১০ বছর ধরে সে এ রোগে আক্রান্ত। পরিবারের সাথে কথা বলে বুঝতে পেরেছি, তাদের ধারণা ছিল যে তার চর্মরোগ হয়েছে এবং এ জন্য তারা চর্মরোগের চিকিত্সা নিয়েছে।
 
এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, এই রোগে আক্রান্ত তৃতীয় মানব আবুল হোসেন। এর আগে ইন্দোনেশিয়ায় দুইজন এই রোগে আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে একজন সম্প্রতি মারা গেছেন।