‘পাঠকের মন্তব্যের কারণে অনলাইন গণমাধ্যম দায়ী নয়’

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০৪
পাঠকের আপত্তিকর মন্তব্যের দায় অনলাইন সংবাদমাধ্যমের নয় বলে জানাল  ইউরোপের মানবাধিকার আদালত (ইসিএইচআর)।
 
পাঠকের মত প্রকাশের পাতায় এক ব্যক্তির ‘বাজে’ মন্তব্যের কারণে সম্প্রতি হাঙ্গেরির একটি অনলাইন সংবাদমাধ্যম ইনডেক্স ডট এইচইউ এর বিরুদ্ধে মামলার প্রেক্ষিতে মঙ্গলবার এই রায় দেয় তারা।
 
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ‘ইনডেক্স ডট এইচইউ’ নামের ওই পোর্টালে একটি আবাসন নির্মাতা কোম্পানির বিরুদ্ধে অনেক পাঠকের ক্ষুব্ধ মন্তব্য প্রকাশিত হলে বিষয়টি আদালতে গড়ায়। এক পাঠকের মন্তব্যের সূত্র ধরে ‘ইনডেক্স ডট এইচইউ’ এবং হাঙ্গেরির ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানগুলোর একটি সংগঠনের বিরুদ্ধে স্থানীয় আদালতে মামলা ঠুকে দেয় ওই রিয়েল এস্টেট কোম্পানি।
 
ইনডেক্স কর্তৃপক্ষ জানায়, পাঠকের ‘আক্রমণাত্মক’ মন্তব্যগুলোর বিষয়ে অবহিত হওয়ার পরপরই সেগুলো ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলেছে তারা।  কিন্তু পাঠকরা যে প্রতিক্রিয়া দেবে, তার সবকিছুর দায় সংবাদপত্র নিতে পারে না।
 
আইনজীবীরা আদালতে বলেন, ইন্টারনেটের এই যুগে পাঠকের মন্তব্যের জন্য সংবাদমাধ্যমকে দায়ী করা হলে তা মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক বাতাবরণের ওপর মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে।
 
এই যুক্তির সঙ্গে  সমর্থনে ইসিএইচআর রায়ে বলেছে, ‘হয়রানি’ থেকে কাউকে রক্ষা করা এবং বাক স্বাধীনতা নিশ্চিতের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে হাঙ্গেরির আদালত।
 
গণমাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টা কারণে প্রায়ই মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মুখে পড়তে হয় হাঙ্গেরি সরকারকে।