মানবতাবিরোধী মামলার আসামি নেত্রকোনার সোহরাব ফকিরকে (৮০) বৃহস্পতিবার গৌরীপুর-বেখৈরহাটি সড়কের বীরআহাম্মদপুর কাচারী বাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ।
ময়মনসিংহের গৌরীপুর থানার ওসি মো. আখতার মোর্শেদের নেতৃত্বে এসআই মো. জাহাঙ্গীর হোসেন ও সাইদুর রহমান অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
১৯৭১ মহান মুক্তিযুদ্ধের সময় এলাকায় সোহবার রাজাকার নামে পরিচিত ছিলেন তিনি। তার বাবার নাম মৃত সুরুজ আলী। মুক্তিযুদ্ধের সময় নেত্রকোনা জেলার আটপাড়া থানার কুলশ্রী গ্রামে বসবাস করতো। মুক্তিযুদ্ধের পর সোহবার ফকির দালাল আইন মামলায় আসামি ছিলেন। ১৯৭৭ সালে এ মামলা থেকে ছাড়া পায়।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. আখতার মোর্শেদ জানান, সোহরাব ফকির গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের দারিয়াপুর গ্রামে পীর মামুনের বাড়িতে মঙ্গলবার থেকে আশ্রয় নেয়। গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারের চেষ্টাকালে সিএনজি যোগে পালিয়ে যাওয়ার সময় গৌরীপুর-বেখৈরহাটি সড়কে বীরআহাম্মদপুর কাচারী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
