আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃঞ্চা দেবনাথের ডিভিশন বেঞ্চে তৃতীয় দিনের মত শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে বৃহস্পতিবার পর্যন্ত মামলার পেপারবুক থেকে ১৮ জন সাক্ষীর জবানবন্দি পাঠ করে শুনিয়েছেন রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহরিন।
তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০৪ সালের ৭ মে নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় আহসান উল্লাহ মাস্টারকে। ওই ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় ২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ জনকে মৃত্যুদ- এবং ৬ জনকে যাবজ্জীবন কারাদ- প্রদান করে।
দ-প্রাপ্তদের মধ্যে দুইজন মারা গেছেন। ১৭ জন কারাগারে এবং বাকি ৯ জন পলাতক রয়েছেন বলে জানিয়েছেন আইনজীবীরা।
নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করে দণ্ডপ্রাপ্ত আসামিরা। একইসঙ্গে মামলাটি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসে। দীর্ঘ ১০ বছর পর আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি সম্প্রতি হাইকোর্টে শুরু হয়েছে।
