চাঁদাবাজি মামলায় সিলেটে বরখাস্তকৃত এসআই জেল হাজতে

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৩৮
সিলেটের কোতোয়ালি থানার বরখাস্তকৃত এসআই মাসুদ রানাকে জেল হাজতে পাঠানো আদেশ দিয়েছেন সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুজ্জামান হিরো।
 
একটি চাঁদাবাজি মামলায় হাজির হয়ে এসআই মাসুদ রানা জামিন প্রার্থনা করলে বিচারক তার আবেদন নামঞ্জুর করে বৃহষ্পতিবার তাকে জেলে প্রেরণের নির্দেশ দেন।
 
২০১৫ সালের ২১ সেপ্টেম্বর সিলেট নগরীর খারপাড়া মিতালী ৭৪নং বাসার মালিক ডা. এ.কে.এম নূরুল আম্বিয়া রিপন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করেন। এই মামলার কার্যক্রম বর্তমানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন।
 
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে কোতোয়ালি মডেল থানার তৎকালীন এসআই মাসুদ রানার নেতৃত্বে ৩ পুলিশ সদস্য খারপাড়ায় ডা. একেএম নুরুল আম্বিয়ার বাসায় যান সন্দেহভাজন আসামিকে ধরতে। এর সপ্তাহখানেক পর হয়রানি ও টাকা চাওয়ার অভিযোগ এনে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-উত্তর) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ডা. আম্বিয়া। লিখিত অভিযোগে তিনি নগদ ১০ হাজার টাকা ও তার স্বাক্ষরসহ একটি ব্যাংক চেক নেয়ার কথাও উল্লেখ করেন। ডা. আম্বিয়ার এ অভিযোগে  পুলিশ বিভাগের তদন্তে প্রমাণিত হলে মাসুদ রানাসহ ৩ পুলিশ সদস্যকে বহিষ্কার করা হয়।