ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, 'বিএনপি-জামায়াত জোট সরকার বিগত সময়ে এদেশের অর্থনীতির উন্নয়ন ব্যাহত করতে দেশের গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিয়েছিল।বিএনপি-জামায়াত জোট কাঁচামাল আমদানি বন্ধের দোহাই দিয়ে ঐতিহ্যবাহী নর্থ বেঙ্গল পেপার মিলটি বন্ধ করা হয়। এর ফলে হাজার হাজার শ্রমিক কর্মচারি বেতন ভাতা না পেয়ে পথে বসেছে।'
ভূমিমন্ত্রী আজ শুক্রবার ঈশ্বরদীর পাকশি নর্থ বেঙ্গল পেপার মিলস্ হাই স্কুলের ৪০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।নর্থ বেঙ্গল পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মহিউদ্দিনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল ইসলাম, কেন্দ্রীয় শ্রমিক লীগের নেতা রশিদুল্লাহ, পাকশী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্ত্রী আরও বলেন, এদেশের অর্থনীতিকে ধ্বংস করতে তৎকালীন শিল্প মন্ত্রী মতিউর রহমান নিজামী রাজনৈতিক চক্রান্ত ও ষড়যন্ত্র করে নর্থ বেঙ্গল পেপার মিলের শ্রমিকদের বেতন ভাতা বন্ধ করে দিয়েছিল।
