এক মঞ্চে আসছেন মোদী-মমতা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫৯
সবকিছু ঠিকঠাক থাকলে এ মাসেই এক মঞ্চে দেখা হতে পারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কয়েকটি সরকারি প্রকল্প উদ্বোধন করতে চলতি মাসের ১৫ থেকে ২২ তারিখের মধ্যে পশ্চিমবঙ্গে আসার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। দেশটির শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।
 
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ওই সময়ে প্রধানমন্ত্রী সমুদ্র বন্দর এবং হলদিয়ায় মাল্টি মোডাল হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং পেট্রাপোল আন্তর্জাতিক কাস্টমস স্টেশনের উদ্বোধন করবেন। ইতিমধ্যেই বন্দরের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের জায়গা ঠিক করে এসেছেন।
 
এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর দফতর থেকে তিন দিনের কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর সময় চাওয়া হয়েছে। যেদিন তিনি রাজি হবেন, প্রধানমন্ত্রী সেদিনই কলকাতায় আসবেন। মমতা ও মোদী একই হেলিকপ্টারে সেখানে যাবেন।
 
মুখ্যমন্ত্রীর দফতর থেকে বলা হয়, সাগর বন্দরটি কেবল কেন্দ্রের প্রকল্প নয়। এর ২৬ শতাংশ অংশীদারিত্ব রাজ্যের হাতে। রাজ্য জমির ব্যবস্থা করবে। সুতরাং এই প্রকল্পে মুখ্যমন্ত্রীর থাকতে আপত্তি নেই। তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।
 
মন্ত্রণালয়ের উপসচিব অভিষেক চন্দ্র বলেন, দেশে তিনটি নতুন বড় বন্দর নির্মাণ হচ্ছে। মহারাষ্ট্রের ভাদাবন, পশ্চিমবঙ্গের সাগর এবং অন্ধ্রপ্রদেশের দুর্গরাজপত্তনম। মেরিটাইম সামিটে এই প্রকল্প তিনটি তুলে ধরে বিশ্বের ৩০টি দেশের কাছ থেকে বিনিয়োগ চাওয়া হবে। -আনন্দবাজার পত্রিকা