সিয়াচেনে নিখোঁজ ভারতীয় সব সেনা মারা গেছে

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:০১
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের সিয়াচেন হিমবাহে নিখোঁজ ১০ সৈন্যের সবাই মারা গেছেন বলে দেশটির সোনাবাহিনী নিশ্চিত করেছে। গত বুধবার সকালে ওই সেনারা নিখোঁজ হয়ে যান। এ ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন।
 
ভারতের সেনাবাহিনীর ১০ মাদ্রাজ রেজিমেন্ট সিয়াচেনের সাড়ে ১৯ হাজার ফুট উঁচুতে মোতায়েন রয়েছে। বুধবার সকালে এখানে ভয়াবহ তুষারপাতের পর রেজিমেন্টের ১০ সৈন্য নিখোঁজ হয়ে গিয়েছিলেন।
 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনা সদস্যদের মৃত্যুর ঘটনাকে খুবই দুঃখজনক উল্লেখ করেছেন। এক টুইটার বার্তায় নিহতদের তিনি 'দেশের জন্য জীবন উৎসর্গকারী ও সাহসী' আখ্যা দিয়ে অভিবাদন জানান।
 
উল্লেখ্য, সিয়াচেন হিমবাহ বিশ্বের মধ্যে সবচেয়ে উঁচু ও শীতলতম যুদ্ধক্ষেত্র। আশির দশকের মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত সিয়াচেনে ৮৬৯ জন সেনা সদস্য খারাপ আবহাওয়ার কারণে মারা গেছেন। সূত্র: এনডিটিভি