আইন-শৃঙ্খলা বাহিনী বিবেকহীন, বেপরোয়া: রিজভী

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:২০
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিবেকহীন ও অবিশ্বাস্যরকম বেপরোয়া বাহিনীতে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শুক্রবার বেলা ১১টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
 
সম্প্রতি মিরপুরের ১ নং গুদারাঘাট এলাকায় পুলিশের আগুনে দগ্ধ চা দোকানি বাবুল মাতব্বরের মৃত্যুর ঘটনার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।
 
রিজভী বলেন, আগামী ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিলের দিন ধার্য করা হয়েছে। সে তারিখ অনুযায়ী গণপূর্ত অধিদফতর থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিল করার অনুমতি পাওয়া গেলেও ডিএমপি থেকে এখনও কোনো অনুমতি পাওয়া যায়নি।
 
সরকার দেশকে চরম অরাজকতার লীলাভূমিতে পরিণত করেছে এমন অভিযোগ করে তিনি বলেন, সরকার বিগত কয়েক বছর বিচারবহির্ভূত হত্যা, বেআইনি গুম ও গুপ্তহত্যা সংঘটিত করতে আইন প্রয়োগকারী সংস্থাকে  যে ছাড়পত্র দিয়েছিল তাতে তারা ব্যাপক সাফল্য অর্জন করেছে।চা দোকানির মৃত্যু প্রসঙ্গে রিজভী আহমেদ বলেন, চা  দোকানি বাবুল মাতব্বরের কাছে চাঁদার টাকা না পেয়ে তার গায়ে আগুন লাগিয়ে দগ্ধ করে পুলিশ।
 
গুরুতর দগ্ধ বাবুল মাতব্বর বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে কাতরাতে কাতরাতে ইন্তেকাল করেন।  এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের  গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
 
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সরকারের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বিরোধী দল নির্মূল করার অভিযানে লেলিয়ে দিয়ে তাদের বুকের মাপটা বড় করে দেয়া হয়েছে। সরকারের এজেন্ডা বাস্তবায়নে সদা তৎপর র‌্যাব পুলিশের সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করা এখন যেন গা সওয়া করে দেয়া হয়েছে।
 
রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রধানমন্ত্রী যদি জনগণের মনের কথা, বেদনার কথা উপলব্ধি করতে না পারেন, তাহলে জনগণের  ক্ষোভ  যেকোনো মুহূর্তে সুনামির ন্যায় আছড়ে পড়ে দস্যুদলের ন্যায় আচরণকারী বর্তমান সরকারকে ভাসিয়ে নিয়ে যাবে।
 
তিনি বলেন, বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে পুলিশ বাহিনী অকারণে হয়রানি করছে। সাধারণ মানুষকে অকারণে মারপিট করায় পুলিশ বাহিনী আজ বেআইনি সংগঠনে পরিণত হয়েছে। শাসক গোষ্ঠী দেশকে অরাজকতার লীলাভূমিতে পরিণত করছে।
 
রিজভী বলেন, আগামী কাউন্সিলকে সফল করতে সারাদেশের দলীয়  নেতাকর্মীদের কাছে চিঠি পাঠানো হয়েছে। প্রতিটি থানা ও জেলা পর্যায়ে দুইজন করে নারী কাউন্সিল বানানোরও নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুদার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া প্রমুখ।