বিএনপির কাউন্সিলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সরকার : মাহবুব

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৩৯
 
বিএনপির কাউন্সিল নিয়ে সরকার সাংঘাতিক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য  লে.জে. (অব.) মাহবুবুর রহমান বলেছেন, যত বাধাই আসুক কাউন্সিল যথাসময়ে হবেই। মাহবুবুর রহমান বলেন, কাউন্সিলের মাধ্যমে আমরা গণতান্ত্রিক চর্চা করছি। কিন্তু দুঃখের বিষয় এটা নিয়ে সরকার সাংঘাতিক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। যত বাধাই আসুক কাউন্সিল যে কোন মূল্যে যথা সময়ে হবেই। কাউন্সিলের মাধ্যমে বিএনপি নতুনভাবে জাগ্রত হবে বলে ও তিনি আশা প্রকাশ করেন।
 
শুক্রবার দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটির  গোলটেবিল মিলনায়তনে বিএনপির সদ্যপ্রয়াত স্থায়ী কমিটির সদস্য মরহুম ড. আর এ গনির মৃত্যুতে স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ গণতান্ত্রিক সংসদ আয়োজিত সভায় বিএনপির এই নেতা বলেন, দুর্নীতি আর সংকট আজ গোটা বাংলাদেশকে গ্রাস করে  ফেলেছে। ভোগ-ভাটোয়ারার সংস্কৃতি সৃষ্টি হয়েছে। আর এ সবকিছুর জন্যই গণতন্ত্রের অনুপস্থিতি দায়ী।
 
মাহবুব বলেন, কাউন্সিল করার জন্য তিনটি ভেন্যুর নাম উল্লেখ করে আবেদন করেছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে। কিন্তু তারা ভেন্যু বরাদ্দ নিয়ে নানা টালবাহানা করছে। লে.  জে. মাহাবুব বলেন, যত বাধা আসুক না কেন, বিএনপির কাউন্সিল যথা সময়েই অনুষ্ঠিত হবে।
 
এ সময় রাজধানীর মিরপুরে পুলিশের হামলায় অগ্নিদগ্ধ চা দোকানি বাবুল মাতব্বরের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, পুলিশ বাহিনীকে আধুনিক করা প্রয়োজন। সরকারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সারা দেশে দুর্নীতির মহোৎসব চলছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে সামাজিক, অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়ানক রূপ ধারণ করবে।
 
সংগঠনের সভাপতি রাজীব হাসান  চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুবদল সভাপতি  সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।