দিপীকা, প্রিয়াঙ্কার মতো নায়িকারা যখন হলিউডে পাড়ি দিচ্ছেন তখন অনেকের প্রশ্ন যে ক্যাটরিনা কবে তাদের অনুসরণ করবেন? তবে এই সুন্দরী অভিনেত্রী জানিয়েছেন যে তার হলিউডে নয় বরং বলিউডেই আরো বেশি মনোযোগ দেবেন তিনি।
৩২ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছেন অন্যরা হলিউড নিয়ে ব্যস্ত থাকায় এখন তিনি আরো বেশি ভালো চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছেন। বার্তা সংস্থা পিটিআইকে বলেন, আমি একটা বিষয় বুঝতে পেরেছি, যখন সবাই হলিউডে যাচ্ছে তখন আমার প্রতিযোগিতা আরো কমে যাচ্ছে তাই এখন আমার সময় অভিনয় করার সুযোগ আছে এমন সিনেমায় কাজ করার। কাশ্মীর ভিত্তিক প্রেমের সিনেমা ফিতুরে অভিনয় করেছেন ক্যাটরিনা যা তার অভিনীত অন্যান্য সিনেমা থেকে ভিন্ন।
এখন থেকে এই ধরণের সিনেমায় কাজ বেশি করার কথা উল্লেখ করে ক্যাটরিনা বলেন, আমি বলিউডে ভালো চরিত্রে কাজ করতে পেরেই খুশি। ফিতুর সিনেমাটি বেশ ঝুঁকিপূর্ণ ছিল। এই সিনেমায় প্রচলিত নাচ গান নেই এবং এমন সিনেমায় কাজ করতে অনেক সাহস প্রয়োজন। ইন্ডিয়ান এক্সপ্রেস।
