ডিজায়ার ৬২৬ : সাশ্রয়ে উন্নত ক্যামেরার চলনসই ফোন

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১২:০৪
বৈশ্বিক স্মার্টফোন বাজারে সাশ্রয়ী ডিভাইস সরবরাহের মধ্য দিয়ে জমজমাট ব্যবসা করছে চীন ও তাইওয়ানের মোবাইল ডিভাইস নির্মাতারা। এ প্রতিষ্ঠানগুলোর মধ্যে এইচটিসি অন্যতম একটি। স্মার্টফোন বাজারে আধিপত্য বাড়াতে সাশ্রয়ী দামে অত্যাধুনিক ফিচারের স্মার্টফোনকে হাতিয়ার হিসেবে বিবেচনা করছে সংশ্লিষ্টরা। এ নীতিতে ব্যবসা সম্প্রসারণের সুফলও পেয়েছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় কনফিগারেশনের তুলনায় সাশ্রয়ী এক স্মার্টফোন এনেছে বিকাশমান বাজারে তুমুল জনপ্রিয় এই হ্যান্ডসেট ব্র্যান্ড।
 
‘ডিজায়ার ৬২৬’ মডেলের এই ফোনটি বর্তমানে ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। শিগগিরই তা বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোতে পাওয়া যাবে।
 
ব্লু লেগুন ও হোয়াইট বার্চ রঙে এসেছে ডিভাইসটি। এটি ভারতের বাজারে ১৪ হাজার ৯৯০ রুপিতে পাওয়া যাচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার ৩০০ টাকা।
 
ফোনটিতে রয়েছে ৫ ইঞ্চির (৭২০x১২৮০ পিক্সেল) এইচডি ডিসপ্লে, ১.৭ গিগাহার্টজ অক্টা-কোর মিডিয়াটেক এমটি৬৭৫২ প্রসেসর, ২ জিবি র‌্যাম, ১৬ জিবি ইন্টারনাল মেমরি, ৩২ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড কম্প্যাটিবিলিটি, অ্যান্ড্রয়েড ৫.১.১ ললিপপ, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফিক্সড ফোকাস সেলফি ক্যামেরা, ফোরজি/ থ্রিজি ন্যানো সিম, ২০০০ এমএএইচ ব্যাটারি, এবং ওয়াইফাই, ব্লুটুথ, মাইক্রো-ইউএসবি, জিপিএস, গ্লোনাস, এফএম সমর্থন সুবিধা।
 
ডিভাইসটির ক্যামেরা ভাল হলেও দাম অনুযায়ী স্ক্রিন সাইজ বেশ ছোট। তাছাড়া এই রেঞ্জের মোবাইল হিসেবে ব্যাটারি ব্যাক আপও তেমন ভাল নয়। মেমরি স্টোরেজও আরও বেশি হওয়া উচিত ছিল। আজকাল সাশ্রয়ী ফোনগুলির বেশিরভাগেই ৩ জিবি র‌্যাম থাকে। এখানে মোটে ২ জিবি র‌্যাম।