প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রকল্প গ্রহণে প্রকৌশলীদের আরো মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন। প্রকল্প দ্রুত সম্পন্নের আহবান জানিয়ে তিনি বলেছেন, প্রবৃদ্ধি ৭ ভাগে উন্নীত করতে চাই। এজন্য যেসব প্রকল্প চলমান রয়েছে সেগুলো দ্রুত শেষ করতে হবে।
শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৫৬তম কনভেনশনে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। সংগঠনের সাধারণ সম্পাদক আবদুস সবুরের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি সভাপতি মো.কবির আহমেদ ভূঞা। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রকৌশলী আমিনুর রশিদ চৌধুরী।
প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু খরচ বাড়ানোর জন্য নয় এবং প্রকল্প যাতে অর্থ সাশ্রয়ী হয়, সাধারণের উপকারে আসে, সে বিবেচনায় পরিকল্পনা প্রণয়ন করে তারপর প্রকল্প গ্রহণ করতে হবে।’ তিনি বলেন, ‘মানুষের যেন কষ্ট না হয়,মানুষ যেন একটু ভালভাবে বাঁচতে পারে সেভাবে প্রকল্প প্রণয়ন করতে হবে।’
প্রকল্প গ্রহণের আগেই সঠিক পরিকল্পনা প্রণয়ন করে প্রকল্পের ভালো মন্দ বিবেচনা করে দেখতে হবে। জমি অব্যহূত রাখা যাবে না, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ফসল উত্পাদনও নিশ্চিত করতে হবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আইইবি স্বর্ণপদক ২০১৫ প্রদান করেন। এবারে প্রকৌশলী শিল্পে উত্কর্ষ সাধনের স্বীকৃতি স্বরূপ আইইবি স্বর্ণপদক ২০১৫ পেয়েছেন যৌথভাবে প্রকৌশলী অধ্যাপক ড.আ ম ম শফিউল্লাহ এবং আইইবি’র সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নুরুল হুদা।
প্রধানমন্ত্রী বক্তৃতায় প্রকল্প গ্রহণের ক্ষেত্রে তাঁর এলাকার কিছু তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, সব উপজেলাকে সমান গুরুত্ব দিয়ে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।
খবর বাসসের।
