জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাতের সময় তিনি বলেছেন, বাংলাদেশের সবক্ষেত্রে হৃদয় দিয়ে সমর্থন দেয়ার পাশাপাশি দুই দেশ একজোট হয়ে জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে লড়াই করবে।
দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আন্ত:সংযোগ, পানি বিদ্যুৎ প্রকল্প ও আঞ্চলিক সহযোগিতা বিষয়ে আলোচনা করেছেন। ভারতে বাংলাদেশের হাইকমিশনের দেয়া এক বিবৃতিতে বলা হয়, সুষমা স্বরাজ জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের প্রশংসা করেছেন। সুষমা স্বরাজকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশকে সবক্ষেত্রে হৃদয় দিয়ে সহায়তা করবে ভারত।
গত বছরের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক বাংলাদেশ সফরের সময়ে স্বাক্ষরিত চুক্তিগুলোর বাস্তবায়নেও সন্তুষ্টি প্রকাশ করেছেন সুষমা। তিনি পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেছেন, বাংলাদেশি ভিসা আবেদনকারীরা সহজেই ভারতে সফরের অনুমতি পাবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’র হিন্দি অনুবাদ করার উদ্যোগ নেয়ার কথাও শাহরিয়ার আলমকে অবগত করেন। পিটিআই।
