উত্তর কোরিয়ার প্রধান স্যাটেলাইট কেন্দ্রে জ্বালানিবাহী বেশ কয়েকটি ট্রাক দেখা গেছে। এর ফলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশটি রকেট উৎক্ষেপণে তার যে পরিকল্পনার কথা ঘোষণা করেছিল তা বাস্তবায়নের প্রক্রিয়া জোরদার হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র কোরিয়া ইনস্টিটিউট জানায়, বুধবার স্যটেলাইট উত্তরের সোহা কমপ্লেক্সের ছবি পাঠায় এবং বৃহস্পতিবার যে ছবি পাঠায় তাতে দেখা যায় ওই কেন্দ্রে জ্বালানি ও অক্সিডাইজার বাঙ্কারবাহী ট্রাক ঘোরফেরা করছে। শুক্রবার গ্রুপটি জানায়, অতীতে কোন রকেট নিক্ষেপের এক-দুই সপ্তাহ আগে সাধারণত উ. কোরিয়াকে এ ধরণের কমকান্ড করতে দেখা গেছে।
পিয়ংইয়ং ইতোমধ্যে আগামী ৮ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে স্যাটেলাইটবাহী একটি রকেট নিক্ষেপের ঘোষণা দিয়েছে। বর্তমান কিম জং-উনের বাবা প্রয়াত নেতা কিম জং-ইলের ১৬ ফেব্রুয়ারি জন্মদিনের সময়ের কাছাকাছি কোন এক সময় এটা উৎক্ষিপ্ত হতে পারে। আর দেশটির এ ঘোষণা বাস্তবায়নের ধারাবাহিকতা হিসেবে এখন কর্মকান্ড চালানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন প্রতিরক্ষা বিভাগের অজ্ঞাতপরিচয় কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জাপানের আসাহি শিমবুনের খবরে বলা হয়েছে, মার্কিন স্যাটেলাইটের পাঠানো ছবি দেখে মনে হচ্ছে, ব্যাপক আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও উ. কোরিয়া ইতোমধ্যে রকেট নিক্ষেপের প্রক্রিয়া জোরদার করেছে। এএফপি।
