বহু বছর ধরে বলিউডের পর্দায় কাজ করছেন সঞ্জয় দত্ত। এবার তার ছেলের পালা। ‘হাসমুখ পিঘাল গ্যায়া’ নামের একটি ছবিটির মধ্য দিয়ে পর্দায় অভিষেক হতে যাচ্ছে সঞ্জয়পুত্র শাহরানের।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, সঞ্জয়ের প্রোডাকশন হাউজ ছবিটি নির্মাণ করবে। ছবিটিতে রাজ কাপুরের একটি ছবির গানের রিমিক্স সংস্করণ থাকবে। সেই গানটিতে দেখা যাবে শাহরানকে।
একটি সূত্র বলেছে, ‘কিসি কি মুসকারাহাতো পে’ শিরোনামের রিমিক্স গানটিতে ক্যামিও রোলে দেখা যাবে শাহরানকে। ক্যামেরার সামনে বেশ স্বতঃস্ফূর্ত ছিল সে।
রাজ কাপুর অভিনীত ‘আনাড়ি’ ছবির গানটির ব্যবহারের স্বত্ত্ব কিনে নিয়েছে সঞ্জয় দত্তের প্রতিষ্ঠান। গানটি থাকবে ছবির শুরুতে ও শেষে। শুরুতে প্রধান নায়ক নবাগত আরমান ও শাহরান আর শেষে দেখা যাবে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে।
‘হাসমুখ পিঘাল গ্যায়া’য় তুলে ধরা হচ্ছে গরমের দিনে মুম্বাইয়ের বিচিত্র রূপ। রোমান্টিক-কমেডি ধাঁচের ছবিটির মুক্তির দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। সঞ্জয় দত্ত জেল থেকে ছাড়া পেলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণে জড়িতদের কাছ থেকে বেআইনি অস্ত্র কেনার দায়ে পুনের ইয়েরওয়াড়া কারাগারে পাঁচ বছরের সাজা ভোগ করছেন তিনি। চলতি মাসের শেষের দিকে তার মুক্তি পাওয়ার কথা।
