নজরকাড়া ডিজাইনের শেষ লুমিয়া আসছে ১৫ ফেব্রুয়ারি!

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৪৭
লুমিয়া ৬৫০ স্মার্টফোনে থাকবে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। এতে প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ২১০ অথবা ২১২। এতে ২০০০ মিলি-অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকবে। সাদা ও কালো রঙে মিলবে মাইক্রোসফটের এই ডিভাইস।
 
আজ শনিবার অনলাইনে ফাঁস হওয়া দুটি ছবি বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে উইবার গিজমো।
 
গত বছরের নভেম্বর মাসে লুমিয়া ৯৫০ ও ৯৫০ এক্সএল উন্মুক্ত করে মাইক্রোসফট। স্মার্টফোন বাজারে ডিভাইস দুটি তেমন একটা সাড়া জাগাতে পারেনি। এর কিছুদিন পর লুমিয়া ৬৫০ নিয়ে জল্পনাকল্পনা শুরু হয়।
 
শুরু থেকেই বলা হচ্ছে, উইন্ডোজ ১০ মোবাইল অপারেটিং সিস্টেম চালিত এই হ্যান্ডসেটে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে থাকবে। এতে প্রসেসর হিসেবে থাকবে কোয়াড-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ২১২ এসওসি।
 
১ জিবি র‍্যামের এই ফোনে ৮ জিবির ইন্টারনাল স্টোরেজ থাকবে, যা মাইক্রোএসডি কার্ড দিয়ে আরও অনেক বাড়ানো যাবে।
 
ডিভাইসটিতে ভিডিও করা এবং ছবি তোলার জন্য ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে।
 
লুমিয়া ৬৫০ কোয়ালকম কুইক চার্জ ২.০, ডুয়াল সিম কনফিগারেশন, ব্লুটুথ ৪.১, এনএফসি, এইচডি ভয়েস এবং ওয়াই-ফাই কলিং সেবা সমর্থন করবে। ডিভাইসটির ব্যাটারি বা দামের মতো অন্যান্য তথ্য পাওয়া যায়নি।
 
গুঞ্জন আছে, ১৫ ফেব্রুয়ারি ডিভাইসটি উন্মোচন করবে মাইক্রোসফট। এটিই হবে এই প্রতিষ্ঠানের শেষ লুমিয়া স্মার্টফোন। এ স্মার্টফোনের পর্দা উন্মোচন করেই মাইক্রোসফট উইন্ডো ১- মোবাইলভিত্তিক সারফেস ফোন নির্মাণে গুরুত্ব দেবে। লুমিয়ার অধীনে আর কোনো সেলফোন উন্মোচনের ইচ্ছে নেই প্রতিষ্ঠানটির।
 
তবে মাইক্রোসফটের সারফেস ফোন সিরিজের সম্পর্কে বাক্যালাপ এবারই প্রথম নয়। গত মাসে প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা ক্রিস কাপোসেলার দেয়া তথ্য অনুযায়ী, এ বছরের দ্বিতীয়ার্ধে ‘সারফেস’ ব্র্যান্ডের স্মার্টফোন বাজারে আনা হতে পারে।