কোনো পুলিশ সদস্য অপরাধ করলে, এটা তার ব্যক্তিগত: আইজিপি

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:০৩
 
পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হক বলেছেন, কোনো পুলিশ সদস্য যদি অপরাধ করে থাকে, এটা তার ব্যক্তিগত অপরাধ। তবে কোনো পুলিশ সদস্যই আইনের ঊর্ধ্বে নয়। এ অপরাধের দায় পুলিশ বাহিনীর উপর বর্তাবে না। যেসব পুলিশ সদস্য অপরাধ করছে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, বরখাস্ত করা হচ্ছে, তদন্তের পর অপরাধ প্রমাণিত হলে শাস্তি প্রদান করা হচ্ছে।
 
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত শনিবার দুপুরে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এর উদ্যোগে প্রথমবারেরর মত সিলেটে প্রবাসীদের অধিকার বিষয়ক 'প্রবাসীদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা' শীর্ষক সেমিনারের প্রথম অধিবেশনে এসব কথা বলেন তিনি।
 
একেএম শহিদুল হক আরো বলেন, দেশে প্রবাসী হেল্প ডেস্ক গঠন করা হয়েছে। ডেস্কের কার্যক্রম পুলিশ হেডকোয়ার্টার থেকে মনিটরিং করা হচ্ছে। প্রবাসীদের কষ্টার্জিত টাকায় দেশের উন্নয়ন হচ্ছে। এ জন্য প্রবাসীরা যেন মিথ্যে মামলায় হয়রানির শিকার না হন সেটা নিশ্চিতে এবং তাদের সকল সমস্যার সমাধানে সরকার আন্তরিক।
 
আইজিপি আরো বলেন, গত ৬ মাসে প্রবাসী ডেস্কে সরাসরি ২৬৯টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ১৯৮টি নিষ্পত্তি করা হয়েছে। এ ছাড়া টেলিফোনের মাধ্যমে প্রায় ৭০০টি অভিযোগ জমা পড়েছে। এগুলোও নিষ্পত্তি করা হচ্ছে।