ডেরেক মেডিনা(৩৩) নামের এক মার্কিন নাগরিক গুলি করে তার স্ত্রী হত্যা করেছিলেন। শুধু তাই নয় সেই ছবি ফেসবুকে পোস্টও করেছিলেন তিনি। এই অপরাধে শুক্রবার মায়ামির একটি আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।
মেডিনা নিজ বাড়ির রান্নাঘরে ২০১৩ সালের আগস্টে স্ত্রী জেনিফার আলফনসোকে লক্ষ্য করে আটটি গুলি করে। গত বছর আদালত তাকে দোষী সাব্যস্ত করে। তবে আত্মপক্ষ সমর্থন করে মেডিনা জানায়, দীর্ঘদিনের বাকবিতন্ডার সূত্র ধরে জেনিফার ছুরি দিয়ে তাকে মেরে ফেলার হুমকি দেয়ার পর সে গুলি ছুঁড়তে বাধ্য হয়। তবে আদালত তার এই যুক্তি প্রত্যাখ্যান করে।
মেডিনার এই হত্যাকান্ড ব্যাপক আলোড়ন তৈরি করে। পুলিশের কাছে আত্মসমর্পণের আগে হত্যার কথা স্বীকার ও ২৭ বছর বয়সী স্ত্রীর রক্তাক্ত ছবি ফেসবুকে প্রকাশও করে।
ফেসবুকে তিনি লেখে, স্ত্রী হত্যার দায়ে আমি কারাগারে কিংবা মৃত্যুদণ্ড পেতে যাচ্ছি।
তাকে যাবজ্জীবন সাজা দেয়ার পর বিচারক ইয়োভনি কলোডনি মেডিনাকে বলেন, তুমি তোমার ভবিষ্যত বলে দিয়েছ। ফেসবুকে তুমি বলেছ কারাগারে যাচ্ছো। এখন তুমি সেখানেই যাচ্ছে।-এএফপি।
