দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫৫
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় দেশে আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। দেশে নানা যড়যন্ত্র আছে। তার পরও আমাদের নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে।
 
শনিবার বিকেলে ঢাকার দোহারে মধুরখোলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে এ কথা বলেন।
 
তিনি আরো বলেন, এদেশের মানুষ জঙ্গিবাদ পছন্দ করে না বলেই বিশ্বের কাছে বাংলাদেশ একটি নিরাপদ এলাকা হিসেবে গণ্য হয়েছে। এটা আমাদের কথা নয়, এটা সারা পৃথিবীর জরিপে নিরাপদ দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান এখন ৩৩তম ।
 
তিনি আরো বলেন, যোগ্য নেতৃত্বের পুরস্কার হিসেবে আমাদের প্রধানমন্ত্রী  ইউনাইটেড নেশন থেকে চ্যাম্পিয়ন অব দি আর্থ পুরুস্কৃত হয়েছেন। এ কারণেই পৃথিবীর ১০০ জন নেতার মধ্যে তার অবস্থান ১৩তম।প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
 
এ সময় উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশন (আইজিআর) আব্দুল মান্নান, সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব) ডা. আর খান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, ঢাকা জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মর্তা নূরুল করিম ভুইয়া।
 
এর পর দোহারের মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয়, মুকসুদপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও ফ্যাম্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।